বিশেষ আদালতের তিন বিচারককে অনুমোদন নওয়াজের
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৪
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিচারে বিশেষ আদালতের জন্য তিনজন বিচারপতিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার তিনি এ অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান এর আগে রবিবার ঘোষণা করেন যে, সরকার পারভেজ মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করার কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার সুপ্রিম কোর্টের কাছে মোশাররফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য বিশেষ আদালত গঠনের কথা জানায়। এরপর প্রধান বিচারপতি হাইকোর্টের পাঁচ বিচারপতির নাম সরকারের কাছে পাঠায়। সরকার এই পাঁচজনের মধ্যে তিনজনকে নিয়ে বিশেষ আদালত গঠনের অনুমতি দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নওয়াজ শরিফ সংবিধানের ৬ ধারা অনুযায়ী এই অনুমোদন দিয়েছেন। ওই ধারা অনুযায়ী মোশাররফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আরো জানানো হয়, সবচেয়ে জ্যেষ্ঠতম বিচারক ওই বিশেষ আদালতের প্রধান থাকবেন। অনুমোদনপ্রাপ্ত তিন বিচারক হচ্ছেন:বিচারপতি ফয়সাল আরব, বিচারপতি সাইয়্যেদা তাহিরা সফদার এবং বিচারপতি ইয়াওয়ার আলি।