নারায়ণগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে’ (ডিপিটিসি) চোর সন্দেহে এক দিনমজুর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি শীতলক্ষ্যা নদীতে তা ফেলে দেয়ার সময়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বুধবার সকালে বন্দরের সোনাকান্দা এলাকাতে সমুদ্র অধিদপ্তরের আওতাধীন ডিপিটিসিতে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন সোনাকান্দা এলাকার নূরুল ইসলামের ছেলে। পুলিশ এ ঘটনায় ডেক প্রশিক্ষণ কেন্দ্রের প্রহরী আশরাফ উদ্দিনকে (৪৫) আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে ঘুরাফেরা করছিল আল আমিন। এসময় প্রশিক্ষণ কেন্দ্রের নৈশ প্রহরী নূরুল ইসলামসহ আরো কয়েকজন মিলে আল আমিনকে চুরির অপবাদ দেয়। পরে রাতে তাকে কেন্দ্রের ভেতরে নিয়ে মারধর ও শারীরিক নির্যাতন করে। এতে আল আমিনের মৃত্যু ঘটে। বুধবার সকাল ১১টায় ডিপিটিসির প্রহরী ও কয়েকজন শিক্ষার্থী মিলে আল আমিনের লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার সময়ে লোকজন দেখে ফেলে।