অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৭
দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, দোকানঘর ভস্মীভূতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। —খবর সংবাদদাতাদের
ডোমার (নীলফামারী)
ডোমার উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৭টি ঘর ও আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, সোমবার রাতে উপজেলার ভোগডাবুরি ইউনিয়নের কাঠালতলি গ্রামের নুর আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়লে মধু মিয়া, মোহাম্মদ আলীসহ ৩টি পরিবারের ৭টি ঘর, ধান-চাল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পোল্ট্রি খামারে শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪ শতাধিক মুরগির বাচ্চাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। খামার মালিক হারুন অর রশিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
কাশিয়ানী (গোপালগঞ্জ)
গত মঙ্গলবার কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়া বাজারের পাটের গুদামে আগুন লেগে তিনশত মণ পাট ও দুটি গুদাম পুড়ে গেছে। প্রথমে স্থানীয় জনগণ ও পরে গোপালগঞ্জ ও মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।