মালিকসহ ১৪ জনের নামে চার্জশিট দিচ্ছে সিআইডি
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:৩১
বহুল আলোচিত তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি। গার্মেন্টেসের মালিক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী ছাড়াও ১২ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্তরা পরিকল্পিতভাবে গার্মেন্টস কারখানায় আগুন দিয়েছেন বলা উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শিগগির এ মামলার চার্জশিট দেয়া হবে। চার্জশিট যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন পদস্থ কর্মকর্তা জানান, তাজরীন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট প্রস্তুত করে সম্প্রতি ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অনুমোদন পেলেই আদালতে দাখিল করা হবে।
তদন্ত সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা জানান, সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য পরিকল্পিতভাবে গার্মেন্টস কারখানায় আগুন দেয়া হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত সংশ্লিষ্ট দল ঐ গার্মেন্টসের শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী, আহত শ্রমিক, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী, শিল্প পুলিশের সদস্য, আশুলিয়া থানা পুলিশের সদস্যসহ অন্তত একশ’জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়েছে।
সাক্ষ্য প্রদানে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, ঘটনার সময় গার্মেন্টসের নীচতলায় আগুনের সূত্রপাত হলে ঐ সময় গার্মেন্টসের কয়েকজন কর্মকর্তা পরিকল্পিতভাবে কয়েকটি ফ্লোরের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। চতুর্থ তলার কলাপসিবল গেটে তালা ঝুলানোর সময় কয়েকজন শ্রমিক বের হওয়ার আকুতি জানিয়েছিল। কিন্তু গার্মেন্টসের মালিক পক্ষের লোকজন তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
এর আগে নীচ তলায় আগুন লাগার খবর কারখানার ৮ম তলা পর্যন্ত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কাজ বন্ধ করে বের হয়ে আসতে চায়। ঐ সময় গার্মেন্টসের মালিক পক্ষের লোকজন শ্রমিকদের আশ্বস্ত করে যে, আগুনের মহড়া চলছে। ভয় পাওয়ার কিছুই নেই।