এরশাদের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:৩১
মেজর জেনারেল (অব.) মঞ্জুর হত্যা মামলায় আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। বুধবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত অস্থায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা আক্তার এ শুনানি গ্রহণ করেন। শুনানিকালে এরশাদ ছাড়াও মামলার অপর দুই আসামি মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লে.কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
মঞ্জুর হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তার বড় ভাই আবুল মনসুর আহমেদ বাদি হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ১৯৮১ সালের ১ জুন মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।