আন্তর্জাতিক ট্যুরিজম মেলা শুরু ২৮ নভেম্বর

দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে তুলে ধরতে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) ও অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (অ্যাটাব) যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক ট্রাভেল ও ট্যুরিজম মেলা বিআইটিএফ-১৩। আগামী ২৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। বুধবার রাজধানীর একটি হোটেলে মেলা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিএফটিডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল একরাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী, অ্যাটাবের প্রেসিডেন্ট মাহবুব প্রমুখ। রেজাউল একরাম বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হবার মতো। এই মেলার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তা তুলে ধরতে চাই। তিনি বলেন, মেলায় আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ অংশ নেবে। এরমধ্যে ইন্দোনেশিয়ার মেয়র, ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী, বিভিন্ন দেশের ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলায় ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটরস, হোটেল, হাসপাতাল, রিসোর্টস, শিক্ষা প্রতিষ্ঠান, বিমান সংস্থা, আর্থিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫৫টি স্টল থাকবে। প্রবেশ ফি থাকবে জনপ্রতি ২০ টাকা। মেলা উপলক্ষে অফিসিয়াল এয়ারলাইনস হিসেবে বাংলাদেশ বিমান সকল আগত অংশগ্রহণকারীদের জন্য বিমান টিকেটে ২৫ শতাংশ ছাড় প্রদান করেছে। এছাড়া বিমান সংস্থা মালিন্ডো, নভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ারও মেলা উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। মেলায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।