শ্রীলঙ্কাকে দিয়ে শুরু ক্রিকেট-উত্সব
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২১:৪২
আগামী জানুয়ারি থেকে বাংলাদেশে আক্ষরিক অর্থেই ক্রিকেট উত্সব শুরু হয়ে যাচ্ছে। উত্সবের প্রাণ ফেব্রুয়ারিতে এশিয়া কাপ এবং মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই দুই বড় আয়োজনেরই আগমনী সুর শোনাবে জানুয়ারিতে শুরু হওয়া শ্রীলঙ্কার বাংলাদেশ সফর। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ২৪ জানুয়ারি দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে খেলতে ঢাকা এসে পৌঁছাচ্ছে শ্রীলঙ্কা দল। এই সফরে আয়োজনের দিক থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হবে সিলেট স্টেডিয়ামে একটি ওয়ানডে আয়োজন একরকম নিশ্চিত। সফরের শেষভাগে সিরিজের প্রথম ওয়ানডেটি এই নতুন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
২৪ তারিখ ঢাকায় পৌঁছানো শ্রীলঙ্কা দল ২৭ জানুয়ারি থেকে প্রথম টেস্টটি খেলবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর লম্বা সময়ের জন্য চট্টগ্রাম চলে যাবে তারা। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট ও দুটি টি-টোয়েন্টিই খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর ১২ ও ১৪ ফেব্রুয়ারি এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি।
শ্রীলঙ্কার সফর শেষ হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ২০ ও ২২ ফেব্রুয়ারি মিরপুরে আবার দু’দল দু’টি ওয়ানডে খেলে শেষ করবে এই সফর। আর এই শেষেই শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরসূচী
তারিখ খেলা ভেন্যু
২৭-৩১ জানুয়ারি ১ম টেস্ট মিরপুর
০৪-০৮ ফেব্রুয়ারি ২য় টেস্ট চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ২য় টি-টোয়েন্টি চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ১ম ওয়ানডে সিলেট
২০ ফেব্রুয়ারি ২য় ওয়ানডে মিরপুর
২২ ফেব্রুয়ারি ৩য় ওয়ানডে মিরপুর