প্রাথমিক-ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গতকাল বুধবার থেকে একযোগে শুরু হয়েছে পঞ্চম শ্রেণী শেষ করা ক্ষুদে শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। গতকাল সকাল ১১টা থেকে শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়িতে গণিত বিষয়ের পরীক্ষা। শেষ হয় দুপুর দেড়টায়। এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছিল অতিরিক্ত ২০ মিনিট। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর টিঅ্যান্ডটি স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষা চলাকালীন দিনগুলোতে হরতাল বা কঠোর কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আবারও আহ্বান জানান। আজ বৃহস্পতিবার একই সময়ে প্রাথমিকে ও ইবতেদায়িতে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চমবারের মতো শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়িতে ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ হাজার ৪৫৭ জন ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী। পরীক্ষা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত শেষ হয়ে ২৬ ডিসেম্বর ফল প্রকাশের কথা রয়েছে । এবার দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবী, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপোলী এবং ওমান কেন্দ্রে ৭৭৪ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দিচ্ছে। ১১৫টি পরীক্ষা কেন্দ্রকে ‘দুর্গম’ চিহ্নিত করে ওইসব কেন্দ্রে প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। ৩০ মিনিটের ব্যবধানে দুটি পরীক্ষা, শিক্ষকদের ক্ষোভ গতকাল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পাশাপাশি বিকালে ছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। ২টি পরীক্ষার ব্যবধান মাত্র ৩০ মিনিট। কেন্দ্র সচিব ও শিক্ষকরা জানিয়েছেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের অবাস্তব সিদ্ধান্তে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলেই বিস্মিত হয়েছেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান একটি কেন্দ্রের সচিব অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, ২টি পরীক্ষার মাঝে ৩০ মিনিটের ব্যবধান একটি অবাস্তব সিদ্ধান্ত। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হলে কমপক্ষে আধা ঘন্টা পূর্বে প্রবেশের নিয়ম। ১৫ মিনিট পূর্বে খাতা দিতে হয় যাতে খাতার কভার পৃষ্ঠার প্রয়োজনীয় লেখা তারা সম্পন্ন করতে পারে। অথচ সময়-সূচি মোতাবেক প্রাথমিক সমাপনী পরীক্ষা ১১টায় আরম্ভ হয়ে দেড়টায় শেষ হয়। আর জেএসসি আরম্ভ হবে ২টায়। ২ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয় এমন একটি কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বের হতে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট সময় প্রয়োজন। প্রাথমিক শিক্ষা সমাপনী ছাত্র-ছাত্রীদের বের হওয়ার পর জেএসসি পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করতে ঘড়ির কাটায় ২টা বেজে যায়। ২টার সময় খাতা পাওয়ার পর তারা অস্থিরতায় ও মানসিক হয়রানিতে ভুগছে। দুটি পরীক্ষার মাঝে কমপক্ষে ১ ঘন্টার সময় রেখে পরীক্ষা নেয়ার দাবি জানানো হয়। প্রথম দিনে অনুপস্থিত এক লাখ ৬০ হাজার পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রে অনুপস্থিত ছিল এক লাখ ৬০ হাজার ৭৫ জন ছাত্র-ছাত্রী। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকের এক লাখ ১৩ হাজার ৫০৭ জন এবং ইবতেদায়ি ৪৬ হাজার ৫৬৮ জন। এছাড়া বহিষ্কার হয়েছে প্রাথমিকের একজন এবং ইবতেদায়ির দু’জন পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।