মিসরে গাড়ি বোমা হামলায় ১০ সেনা নিহত

মিসরের সিনাই উপদ্বীপের একটি শহরে গাড়ি বোমা হামলায় ১০ সেনা সদস্য নিহত হয়েছে। উপদ্বীপের উত্তরের আল আরিশ শহরে চালানো এই হামলায় আহত হয়েছে ৩৭ জন। গতকাল বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের। পদাতিক সেনা সদস্যদের বহনকারী কয়েকটি বাসে এ হামলা চালানো হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এটি ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও ইসরায়েলের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। জুলাইয়ে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা উত্তর সিনাইয়ে বিচ্ছিন্ন হামলা চালানো শুরু করে। হামলার সময় সেনারা একটি গাড়িবহরে করে গাজার রাফা সীমান্ত বরাবর রাস্তা ধরে যাচ্ছিলেন।