রাশিয়ায় গ্রীনপিসের দুই কর্মীর জামিন

বিশ্ব পরিবেশবাদী সংগঠন গ্রীনপিসের দুই নারী কর্মীকে গতকাল বুধবার জামিন দিয়েছে রাশিয়ার একটি আদালত। এদের একজন ব্রিটিশ এবং অপরজন নেদারল্যান্ডের নাগরিক। আর্কটিক সাগরে সংগঠনটির একটি জাহাজ থেকে তাদের আটক করে রাশিয়া। খবর বিবিসির। ব্রিটিশ নাগরিক অ্যালেক্স হ্যারিস এবং ডাচ নাগরিক ফাইজা কুলাহসেন শিগগিরই সেন্ট পিটারসবার্গের একটি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। সংগঠনটির আরো দুইজনের গতকাল মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর্কটিক সাগরের তীরে রাশিয়ান তেল কোম্পানি গজপ্রমের কার্যক্রমের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে সংগঠনের কর্মীদের আটক করে রাশিয়া। মোট ২৮ জনকে আটক করা হয়েছিল যাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে জামিন পেয়েছেন।