কারাদণ্ড এড়াতে মৃত্যুর গুজব
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৩
কপাল খারাপ হলে যতো বুদ্ধি খাটানো হোক না কেন কোনোভাবেই রক্ষা পাওয়া যায় না। পেলেনও না এক মার্কিন নাগরিক। কারাদণ্ড এড়াতে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করেও শেষ পর্যন্ত কারাগারেই যেতে হলো!
একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করার সময় সাড়ে এগার মিলিয়ন মার্কিন ডলার আত্মসাত্ করেছিলেন বলে অভিযোগ রয়েছে ট্রাভিস স্কটের বিরুদ্ধে। এজন্য তাকে ওই টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ডও দিয়েছিল আদালত। কিন্তু সে এই কারাদণ্ড ও জরিমানা এড়াতে তার চুল এবং রক্ত একটি লেকের কাছে রেখে এসেছিল। সঙ্গে একটি আত্মহত্যার নোট রেখে সে কানাডা পালিয়ে যায়। কিন্তু বিধি বাম! কানাডায় সে ড্রাইভিং লাইসেন্স নিতে যায়। এসময় তার কাগজপত্রের জন্য তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন হয়েছিল। আর সেটা নিজ দেশ থেকে আনার চেষ্টা করতেই ধরা পড়ে যায় ট্রাভিস। এবার আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড এবং জরিমানা করে পূর্বের সেই টাকা। হায় রে কপাল! —ইউপিআই