তারেকের রায়ের কপি হাতে পেলেই আপিল করবে দুদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলায় আইনজীবীদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে এবং একইসাথে উচ্চ আদালতে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা বলেন। সচিব বলেন, মামলা পরিচালনাকারী দুদক আইনজীবীদের বিষয়ে রায়ের কপি হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। যদি আমাদের আইনজীবীদের গাফিলতি থাকে তাহলে প্যানেল থেকে বাদ দেয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক। দুদকের তদন্ত কর্মকর্তার তদন্তে কোনো ত্রুটি ছিল কি-না তাও পর্যালোচনা করে দেখা হবে। আমরা আশা করি খুব দ্রুতই রায়ের কপি হাতে পাবো। এরপর আমরা উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেব। পাশাপাশি অভিযোগপত্রে কোনো দুর্বলতা ছিল কি-না খতিয়ে দেখবো। রবিবার নিম্ন আদালত তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার মামলার রায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। তবে অন্যতম অভিযুক্ত এবং তারেকের ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে। তারেক ও মামুনের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। এদিকে ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলামকে বাদ দিয়ে ঘুষের মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া সংশোদিত দুদক আইন সম্পর্কে দুদক সচিব বলেন, মন্ত্রণালয় থেকে তাদেরকে এখনো এই সংশোধিত আইনটির কোন কপি দেয়া হয়নি।