গোলাম আযমের আপিলের সারসংক্ষেপ ২ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ২৩:০৩
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে দুই ডিসেম্বরের মধ্যে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
গত ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে গত পাঁচ আগস্ট আপিল করেন তিনি। আপিল দায়েরের পর সুপ্রিম কোর্ট রাষ্ট্র ও আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য সময় দেয়। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে। কিন্তু আসামিপক্ষ দাখিল না করায় দুই ডিসেম্বরের মধ্যে তাদের এই সারসংক্ষেপ দাখিল করতে বলেছে আদালত। প্রসঙ্গত, ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও আপিল দায়ের করেছে। তারা জামায়াতের এই নেতার সর্বোচ্চ সাজা চাইছে।