কেশবপুরে পাউবোর খালের স্লুইসগেট সন্ত্রাসীদের দখলে

যশোরের কেশবপুরে ২৬ বিলের বদ্ধপানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডের ডায়েরখাল আট ব্যান্ড স্লুইস গেট দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। তারা সরকারি খালে মাছচাষ করায় সুষ্ঠুভাবে পানি নিষ্কাশন না হওয়ায় অধিকাংশ বিল পানিবদ্ধ হয়ে পড়েছে। কৃষকরা আসন্ন ইরি-বোরো ধান আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। সরকারি খাল দখল করে দেয়া পাটাজাল ও গেটের কপাট তোলার জন্য কৃষকরা চেষ্টা করতে গেলে সন্ত্রাসী হামলায় ১০ কৃষক আহত হন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি প্রশাসন। এলাকাবাসী জানান, ২৬ বিলের পানি নিষ্কাশনের জন্য বিল সমুহের ভিতরকার সরকারি খালে জাল ,পাটা দিয়ে মাছ শিকার করায় বিলের পাশ্ববর্তী ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে এবং আসন্ন ইরি-বোরো আবাদ করার জন্য ১১ নভেম্বর বাগডাঙ্গা, মনোহরনগর, পাথরঘাটাসহ আশপাশের গ্রামের কৃষকরা গেটের কপাট তুলতে গেলে সুফলাকাটি ইউনিয়নের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। কৃষক জানান, দীর্ঘদিন ধরে সুফলাকাটি ইউনিয়নের প্রভাবশালীরা ৮ ব্যান্ড স্লুইস গেটের মুখসহ ২৬ বিলের ডায়ের খাল দখল করে মাছের ঘের করে আসছে। হামলাকারীদের গ্রেফতারসহ অবিলম্বে স্লুইস গেটের মুখসহ খালের ভিতরের জাল পাটা উদ্ধার করে ধান আবাদের পরিবেশ করার দাবিতে কৃষকরা সমাবেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম জানান, দু এক দিনের ভিতর খাল দখলমুক্ত করতে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ দিকে কৃষকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।