উইন্ডোজ ফোনে ইন্সটাগ্রাম
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ১৯:৩৪
ফটো শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইন্সটাগ্রাম এবারে যাত্রা শুরু করেছে উইন্ডোজ ফোনের জন্য। অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের সবগুলো ইন্সটাগ্রাম ফটো ফিল্টার যুক্ত করা হয়েছে উইন্ডোজ এই অ্যাপ্লিকেশনেও। তবে ভিডিও শেয়ারিং ফাংশনটি যুক্ত করা হয়নি উইন্ডোজ সংস্করণে। পাশাপাশি ফটো এবং লোকেশন ট্যাগিংয়ের সুবিধাও নেই ইন্সটাগ্রামের নতুন এই সংস্করণে। সংশ্লিষ্ট অনেকেই তাই একে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের চেয়ে দুর্বল মনে করছেন। তবে ইন্সটাগ্রাম জানিয়েছে, প্রাথমিকভাবে একে বেটা সংস্করণ হিসেবে অবমুক্ত করা হয়েছে। ফলে এটি এখনও পূর্ণাঙ্গতা পায়নি। খুব দ্রুতই এতে আরও নতুন নতুন ফিচার যোগ করে একে পূর্ণাঙ্গ করে তোলা হবে। অ্যান্ড্রয়েড এবং আইফোনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে উইন্ডোজ ফোনগুলোও বাজার দখল করছে। এসব ফোনের ব্যবহারকারীরা বিশেষ করে নকিয়ার লুমিয়া ফোন ও ট্যাবের জন্য এটি অনন্য অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে বলে আশা করছে ইন্সটাগ্রাম। মাইক্রোসফটও একে স্বাগত জানিয়েছে।