কার্পাসের ফল
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ১৯:৪১
সব দোষ তোমাদের পূর্বপুরুষের,
কার্পাসের ফল যারা নগ্ন করেছিল!
বিবরে লুকিয়ে থাকা শাদা লজ্জাটুকু
টেনে টেনে বের করেছিল। শ্রমে আর প্রেমে
জোড়া দিয়ে দিয়ে তারা আস্ত একটা আকাশ বানালো
কাঁচি দিয়ে কেটেকুটে সুঁই দিয়ে জোড়া তালি দিয়ে
বানালো জন্তুর গুহা। তার বিনিময়ে
তোমরা আজ মিশে গেলে শিমুলের লালের ভিতর।