নাট-মণ্ডলে ৭ দিনব্যাপী ‘বসন্ত জাগরণ’

আজ থেকে ৭ দিনব্যাপী মঞ্চস্থ হতে যাচ্ছে জার্মান নাট্যকার ফ্রাঙ্ক ওয়েডেকিন্ডের অষ্টাদশ শতাব্দীর শেষের দিকের লেখা সাড়াজাগানো নাটক ‘স্প্রিং অ্যাওয়েকিং’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের (প্রাক্তন-নাট্যকলা বিভাগ) নিজস্ব মিলনায়তন নাট-মণ্ডলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির নব্য ভাষান্তর ও বিনির্মাণ ‘বসন্ত জাগরণ’। বিভাগের তৃতীয় বর্ষের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করবেন। টম অসবর্নের ইংরেজি অনুবাদ থেকে নাটকটির ভাষান্তর, বিনির্মাণ ও পরিচালনা করেছেন বিভাগীয় শিক্ষক শাহমান মৈশান। ‘বসন্ত জাগরণ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহমান মৈশান। নাটকটির পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক জলি, মঞ্চ-আলোক-দ্রব্য পরিকল্পনায় আশিকুর রহমান লিয়ন, সংগীত পরিকল্পনা ড. সাইম রানা এবং মুভমেন্টে অমিত চৌধুরী। উল্লেখ্য, গতকাল বিকেল ৪টায় নাট-মণ্ডলে ‘বসন্ত জাগরণ’ নাটকটির প্রেস শো’র আয়োজন করা হয়েছিল।