দিনাজপুর ও সাতক্ষীরায় পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: আটক ৫

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে বুধবার সকালে দিনাজপুরে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হাতে লেখা কপিসহ মাসুদ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের মালিককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। মূল প্রশ্নপত্রের সাথে তার কাছে উদ্ধার করা হাতে লেখা প্রশ্নপত্রে ৮০ ভাগ মিল খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী। ওই কোচিং সেন্টারের মালিকের নাম মাসুদ রানা। সে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী মহল্লায় শেখ আহসান আলীর ছেলে। এ ব্যাপারে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় পিএসসি (সমাপনী) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো— সদর উপজেলার বালুইগাছা গ্রামের আকরাম মোড়লের ছেলে সাইদুল ইসলাম, রামেরডাঙ্গা গ্রামের অশোক হাওলাদারের ছেলে মৃতুঞ্জয় হাওলাদার, আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের মৃত অজিত সরকারের ছেলে জয়ন্ত সরকার ও টিকেট গ্রামের বলরাম হালদারের ছেলে রঞ্জন হাওলাদার। সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, শহরের স্থানীয় একটি ফটোকপি মেশিনের দোকান থেকে বুধবার সকালে অংক পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রসহ উক্ত ৪ জনকে আটক করা হয়। পরীক্ষার পরে দুপুরে প্রশ্নপত্রের সাথে জব্দকৃত উত্তরপত্রের যাচাই-বাছাই শেষে হুবহু মিল পেয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়।