বিভিন্ন স্থানে সাতজনের অপমৃত্যু
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫১
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের অপমৃত্যু হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত বুধবার সকালে পানিতে ডুবে মিম (২) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার খলিশাউড় নোয়াপাড়া গ্রামের মো. সুজাত মিয়ার মেয়ে।
দাগনভুঞা (ফেনী)
ফেনীর দাগনভুঞা উপজেলার রামানন্দপুর গ্রামে গত বুধবার দুপুরে ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারিং নামে একটি ইটভাটায় মাটি চাপা পড়ে নুর মোহাম্মদ (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। জানা যায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামের সুলতান আহম্মদের ছেলে নুর মোহাম্মদ কাজ করার সময় মাটির স্তূপ থেকে বড় এক খণ্ড মাটি পড়ে গুরুতর আহত হন। দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামে গত বুধবার দুপুরে পুকুরে ডুবে দুই ভাই বোন মারা গেছে। নিহতরা হচ্ছে রতন মিয়ার মেয়ে পান্না (৫) ও ছেলে আ. কাদির (দেড় বছর)।
জানা যায়, রতন মিয়া পাঁচরুখী বাজারে যাওয়ার সময় পিছু নেয় দুই সন্তান। বাজার থেকে উপাদেয় খাবার কিনে দেয়ার জন্যে তারা বায়না ধরে। রতন মিয়া তার সন্তানদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে বাজারে যান। বাড়ির সামনে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আ. কাদির। ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়।
ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদীর মুলাডুলি কৃষি ফার্মের আখ ক্ষেত থেকে গত বুধবার বিকালে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ৮/১০ দিন আগে কে বা কারা যুবককে হত্যা করে লাশ ফেলে রাখে।
সেনবাগ (নোয়াখালী)
সেনবাগ উপজেলার পলতি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে মৃত বজলের রহমানের ছেলে সালাউদ্দিন (২৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেন।
দেবীগঞ্জ (পঞ্চগড়)
দেবীগঞ্জ দাড়ারহাট গ্রামে গত বুধবার রাতে বাদশার স্ত্রী জয়মুন নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দেবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করেন।