মাগুরায় স্কুল শিক্ষকসহ দুইজন খুন
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫১
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাগুরা
মাগুরার শ্রীপুর উপজেলায় গত বুধবার রূপা বিশ্বাস (২৫) নামে এক স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষকরা মিছিল ও প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ ও চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। জানা যায়, রূপা বিশ্বাস শ্রীপুর উপজেলার মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাগুরা প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী। মাগুরা শহরের জেলা আইনজীবী সমিতির পেছনের ভাড়া বাড়িতে গত সোমবার রূপা আত্মহত্যা করে। রূপার স্বামী কলেজ শিক্ষক দুলাল প্রথম বিয়ে ও সন্তানের কথা গোপন রেখে রূপাকে বিয়ে করেন। এ বিষয়ে রূপার সাথে দুলালের প্রায়ই ঝগড়া হতো।
পুলিশ জানায়, স্বামীর প্রথম বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার জেরেই রূপা বিশ্বাস আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে গত বুধবার সকালে বুলবুলি খাতুন (২৮) নামে এক গৃহবধূ আগুনে পুড়ে মারা গেছে। নিহত বুলবুলি তানভীর আহমেদ তানসেনের স্ত্রী। জানা যায়, এ মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। এ কারণে রহস্যের সৃষ্টি হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠায় স্বামী তানসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।