নাসিরনগরে ‘খ’ সেটের স্থলে ‘ক’ সেটে পরীক্ষা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫৩
কুমিল্লা শিক্ষাবোর্ডের সকল কেন্দ্রে গত বুধবার জেএসসি পরীক্ষায় চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা ‘খ’ সেটে হলেও নাসিরনগর উপজেলার চাতলপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে প্রায় ৪০০ পরীক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিতের আশংকায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনায় কেন্দ্রের সচিব চাতলপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা মত্স্য সমপ্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে। নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুলবশত ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। ঘটনাটি তাত্ক্ষণিকভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডকে জানানো হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।