মদনে ধানবীজ সংকট:বিপাকে কৃষক

মদন পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে বি-আর ২৮ বীজ ধানের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে বীজ ধান পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা প্রতি বস্তা ৪শ’ ৫০ টাকায় বিক্রি করছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। শেষ মুহূর্তে ডিলারদের কাছে বীজ না পেয়ে কৃষকরা অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। জানা যায়, উপজেলায় ৩৬ জন বীজ ডিলার রয়েছে। এর বিপরীতে জন প্রতি ২ হাজার ৬’শ ৪০ কেজি বি-আর ২৮ ও ৮ হাজার ৪শ’ ১০ কেজি বি-আর ২৯ বীজ ধান উত্তোলন করে। কিন্তু ডিলারগণ বীজ উত্তোলনের পর পরই বাহিরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বীজ ডিলার আল মনসুরুল আলম জানান, গত মৌসুমে বি-আর ২৯ বীজের সংকট হওয়ায় এবার বি-আর ২৯ বরাদ্দ বেশি ফলে বি-আর ২৮ এর সংকট দেখা দিয়েছে।