ইরান পরমাণু কর্মসূচি থেকে পিছু হটবে না:খামেনি

ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে দেশটির সাথে ছয় জাতির আলোচনা দ্বিতীয়দিনের মত গড়িয়েছে। গতকাল জেনেভায় দু’পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দু’পক্ষের মধ্যকার প্রথমদিনের বৈঠকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক শুরুর মুহূর্তে এ কর্মসূচি চালানোর অধিকার থেকে এক পাও পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছয় বিশ্বশক্তির প্রধান আলোচক ক্যাথরিন এস্টন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রথমদিনের আলোচনায় আশার আলো দেখা গেছে। তিনদিনের এ বৈঠকে তারা দু’পক্ষই আত্মবিশ্বাসী যে, জেনেভা বৈঠক থেকেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। এদিকে বৈঠক শুরুর মুহূর্তে আলোচনায় সরাসরি কোনো বাধা সৃষ্টি করবেন না জানিয়ে খামেনি বলেন, বৈঠকে ইরানের প্রতিনিধিদের জন্য তিনি একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে একটি চুক্তিতে পৌঁছার আশা নিয়ে বুধবার বিশ্বের শক্তিধর দেশগুলো জেনেভায় বৈঠক ডাকে। কিন্তু এ সপ্তাহ কিংবা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে মধ্যবর্তী চুক্তিতে বলা হয়েছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি উন্নয়ন হ্রাস করলে দেশটির ওপর থেকে বেশ কিছু অবরোধ তুলে নেয়া হবে। ওদিকে ইরান বরাবরই বলছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা তাদের কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু বিশ্বের শক্তিধর দেশগুলো সন্দেহ করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আগামীকাল শুক্রবার এ আলোচনা শেষ হবে।