সন্ত্রাসী হামলার শিকার হতে পারে মোদি

ভারতে বিজেপি থেকে প্রেসিডেন্ট প্রার্থী নরেন্দ্র মোদি সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন বলে গোয়েন্দা ব্যুরোর তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার মধ্যে কেবল তিনিই নন আরো অনেক জ্যেষ্ঠ নেতাও রয়েছেন। -খবর টাইমস অব ইন্ডিয়ার। বুধবার গোয়েন্দা ব্যুরো (আইবি) উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির পুলিশ প্রধানদের এই আশঙ্কার কথা জানিয়ে এসব রাজনীতিবিদের জন্য বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। বিশেষ করে প্রধান বিরোধী দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী নরেন্দ্র মোদির জন্য এ নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। এ কারণে মোদিসহ সকলের জন্য বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। চলতি মাসে ভারতে গোয়েন্দা ব্যুরোর এটি দ্বিতীয় অ্যালার্ট। গোয়েন্দাদের তথ্যের পাশাপাশি ছত্তিশগড় পুলিশও একই আশঙ্কার কথা জানিয়েছে। তারা বলেছেন, গত এক সপ্তাহে আট সিমি (স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া) ক্যাডার গ্রেফতার হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা রাজনৈতিক নেতাদের টার্গেট করছে। এ তালিকায় নরেন্দ্র মোদির নামও রয়েছে। তিনি যখন নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে যাবেন তখন এই হামলার শিকার হবেন। গোয়েন্দা ব্যুরো আরো জানায়, সিমি ক্যাডারবাহিনী ভারতীয় মুজাহিদীনের সঙ্গে যুক্ত। এর মধ্যে মধ্য প্রদেশের খানদোয়া জেল থেকে পলাতক কয়েদিরাও রয়েছে। তারা আরো জানায়, এসব ক্যাডার গাড়িতে বিস্ফোরক নিয়ে মোদির সমাবেশে কিংবা তার গাড়ি বহরে হামলা চালাতে পারে। এ কাজে দক্ষিণ ভারতভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল উম্মাহ সহায়তা করছে। তারা আরো জানায়, সামপ্রতিক পাটনা বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী তেহসিন আখতার ওরফে মনু এই সিমি সদস্যদের মোদির বিরুদ্ধে হামলার জন্য সহায়তা করছে।