জলঢাকায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত কনস্টেবলের মৃত্যু

নীলফামারীর জলঢাকায় জামায়াত-শিবির ও র্যাব-পুলিশ সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবল আজিজুর রহমান (৫০) বুধবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ২৫ অক্টোবর জামায়াত-শিবির ও র্যাব-পুলিশ সংঘর্ষ চলাকালে আজিজুর রহমান মারাত্মকভাবে আহত হন। তাত্ক্ষণিকভাবে তাকে রংপুর হাসপাতালে প্রেরন করা হয়। গত বুধবার রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিজুর রহমান রংপুর কাউনিয়া উপজেলার মহেষা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এদিকে বুধবার রাতে অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌরসভার পেট্রোল পাম্প সরকারপাড়া এলাকার আসাদুল ইসলাম (২০) ও মাথাভাঙ্গা এলাকার মফিজুল ইসলাম ভোম্বলের ছেলে মনিরুজ্জামান মিঠু (২০)।