টঙ্গীতে শিশুর রহস্যজনক মৃত্যু

টঙ্গীর মাছিমপুর এলাকায় বৃহস্পতিবার সকালে রিফাত (৪) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দূর সম্পর্কের ফুফু সাহিদা বেগমকে আটক করেছে। পুলিশ সূত্র জানায়, সকালে রিফাত স্থানীয় মাছিমপুর এলাকায় তার নানীর ভাড়া বাসায় ঘুমিয়ে ছিল। নানী তাকে ঘুমন্ত অবস্থায় রেখে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে তার দূর সম্পর্কের ফুফু সাহিদা বেগম সকালের নাস্তা খাওয়ানোর জন্য শিশুটিকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করে। এসময় শিশুটি জেগে না উঠলে পাশের ভাড়াটিয়াদের সহযোগিতায় অচেতন অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রিফাত রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকার দিলারপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। শিশুটির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। টঙ্গী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। টঙ্গী মডেল থানা অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ জানান, শিশুটিকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।