ঢাবিতে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস পালন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস পালিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্র পরিচালনা ও নৈতিক সমাজ গঠন-উন্নয়নে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তারা। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দর্শন দিবসের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে এ দিবস পালিত হয়। প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যে রাষ্ট্র দর্শন প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়ে গেছেন, তা বর্তমান প্রজন্মকে উপলদ্ধি করতে হবে। “তৃপ্তি নেই প্রতিবন্ধক আছে” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। দর্শন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক লতিফা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।