‘নারী ও শিশুখাতে এমডিজির বেশিরভাগ সূচক অর্জিত হয়েছে’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, গত পাঁচ বছরে নারী ও শিশু স্বাস্থ্যসহ এখাতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) বেশির ভাগ সূচক অর্জিত হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়। কমিটির সদস্য জিনাতুন নেসা তালুকদার, রেবেকা মমিন, নাসরিন জাহান রতনা এবং আসমা জেরীন ঝুমু সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ৪৫তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ জাতীয় সংসদ থেকে বাস্তবায়নাধীন ইমপ্রুভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভলপমেন্ট (আইপিডি) প্রকল্প ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সহযোগিতায় ২০১২ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে পরিচালিত বাংলাদেশ জাতীয় সংসদে জেন্ডার সমতা বিষয়ক একটি গবেষণার পলিসি ব্রিফ ও এর সুপারিশসমূহ বাস্তবায়ন শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর গৃহীত ও বাস্তবায়নাধীন কর্মসূচি ও প্রকল্পের মধ্য থেকে ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এই তিনটি কর্মসূচি বার্ড, আরডিএ এবং বিআইডিএস এর সমীক্ষার মাধ্যমে মূল্যায়নকৃত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় বলা হয় প্রতিবেদন অনুযায়ী পারিবারিক খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, বছর জুড়ে খাদ্য ঘাটতিতে থাকা পরিবারের সংখ্যা কমে এসেছে, তিন বেলা খেতে পারে এমন পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মাসিক গড় আয় বৃদ্ধি পেয়েছে এবং বেশি উপার্জন করে এমন পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারকারী পরিবারের সংখ্যা উন্নীত হয়েছে, নারীর প্রতি সহিংসতা কমে এসেছে, নারীর বাইরে চলাফেরার স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, শিশু ও নারীদের পুষ্টি মানের উন্নতি হয়েছে, সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রার বেশির ভাগ সূচক ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং স্কুলে ভর্ত্তির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশুর হার কমে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিটি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে এবং প্রাপ্ত প্রতিবেদনের আলোকে মন্ত্রণালয়কে বেশি বেশি কর্মশালা আয়োজন করার সুপারিশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. তরিক-উল-ইসলামসহ সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।