পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উত্সব পালন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উত্সব দিবস পালন করা হবে। তিনি বলেন, ‘২০১৪ সালের ১ জানুয়ারি সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিন কোটি ৭০ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ কোটি বই বিতরণ করা হবে।’ শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিদর্শন শেষে এসব কথা বলেন। এসময় তিনি এনসিটিবি’র সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের সাথে ১ জানুয়ারিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন এবং বই প্রদান কমসূচির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে বই দেয়ার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো অজুহাত ও কারো গাফিলতি সহ্য করা হবে না। এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর শফিকুর রহমান, সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।