মিসবাহ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান অধিনায়ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৫
দলের পারফরমেন্স ও নেতৃত্বের ধরন নিয়ে প্রচণ্ড চাপে থাকার পরও পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হককেই ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত স্বপদে বহাল রাখাকে সমর্থন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। শেঠি তাকে সমর্থন দেন। তার এমন প্রকাশ্য সমর্থন চলতি বছর সংক্ষিপ্ত ও দীর্ঘ ঘরানার ক্রিকেটে দলের দুর্বল পারফরমেন্সের কারণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়া ৩৯ বছর বয়সী মিসবাহর জন্য বিশেষ টনিক। গত সেপ্টেম্বর মাসে জিম্বাবুয়ের কাছে একটি টেস্ট ম্যাচে পাকিস্তান পরাজিত হওয়ার পর মিসবাহর অধিনায়কত্বকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে সাবেক অধিনায়ক রমিজ রাজাসহ বেশ কিছু সাবেক খেলোয়াড় ও সমালোচকরা নেতৃত্বে পরিবর্তন আনার দাবি জানান। পিসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আবারো অধিনায়ক হিসাবে মিসবাহর ওপর তার পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং তাকে অন্তত ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত এ পদে বহাল রাখার মত দিয়েছেন।’