সিদ্দিকুরের দুই শটের আক্ষেপ
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৬
বাংলাদেশের প্রথম গলফার হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ছয় জনের সঙ্গে যৌথভাবে বত্রিশতম স্থানে আছেন সিদ্দিকুর রহমান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠানরত আইএসপিএস হান্ডা গলফ বিশ্বকাপে এদিন পারের চেয়ে দুই শট বেশি খেলে এই অবস্থান গড়েন তিনি। তবে দ্বাদশ এবং ত্রয়োদশ হোলে কয়েকটি বাজে শট না খেললে টুর্নামেন্টে সিদ্দিকুরের শুরুটা আরো ভাল হতে পারতো। ৬০ জন গলফার অংশ নিচ্ছেন এই বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে।
সিদ্দিকুর গত বুধবারই নিজের ২৯ তম জন্মদিন পালন করা দ্বাদশ এবং ত্রয়োদশ হোলে পারের চেয়ে যথাক্রমে তিন শট এবং দুই শট বেশি খেলেন। তবে চতুর্দশ এবং অষ্টাদশ হোলে দারুণ দুটি বার্ডি করে আবার লড়াইয়ে ফেরেন দেশ সেরা এই গলফার। পারের চেয়ে পাঁচ শট কম খেলে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন আমেরিকার কেভিন স্ট্রিলম্যান এবং ডেনমার্কের টমাস বিয়র্ন।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে গলফ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সিদ্দিকুর দিন শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তোষই প্রকাশ করলেন। দুই হোলে পাঁচ শট খরচ করতে হলেও দিনের শেষ দিকে দারুণ পারফরম্যান্স করা সিদ্দিকুর বলেন, ‘দুটি বাজে শটের জন্য অনেক মূল্য দিতে হয়েছে আমাকে। (ওই শট দুটির কারণেই) আমাকে দ্বাদশ হোলে ট্রিপল বোগি এবং ত্রয়োদশ শটে ডাবল বোগি করতে হয়েছে। তবে, এরপর আমার প্রত্যাবর্তনটা ছিল দারুণ। আমাকে শুধু নিশ্চিত করতে হবে আগামীকাল যেন একই ভুল আমি না করি। ওই দুটি শট বাদে অন্য জায়গাগুলোতে নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আর সামনে এখনো তিনটি দিন পরে আছে, সুতরাং এখনই এতটা উদ্বিগ্ন হবার কিছু নেই।’
ব্রুনাইয়ে ২০১০ সালে প্রথম এশিয়ান ট্যুর শিরোপার পর এ মাসেই ভারতে হিরো ইন্ডিয়ান ওপেনে নিজের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা জেতেন সিদ্দিকুর। তবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বালুকাময় গলফ কোর্স হিসেবে স্বীকৃত রয়েল মেলবোর্ন ক্লাবে প্রথমবারের খেলতে নামা সিদ্দিকুরের জন্য বড় চ্যালেঞ্জ ছিল নতুন এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া। এই পরিবেশের সঙ্গে নিজেকে এখনো পুরোপুরি মানিয়ে নিতে না পারলেও প্রথম দিনের পারফরম্যান্স আশা যোগাচ্ছে র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে নিজের বছর সেরা অবস্থানে থাকা সিদ্দিকুরকে।
এ ব্যাপারে দেশ সেরা গলফারটি বলেন, ‘কম দূরত্ব থেকে নেয়া শটগুলোই আমি করেছি। (কোর্সের) ঘাসে ঢাকা অংশগুলোয় কিভাবে আরো ভাল করা যায় আমি প্রতিনিয়তই সে বিষয়ে আরো শিখছি। সকালে আমরা যখন খেলা শুরু করি তখন খুব একটা বাতাস না থাকলেও সময় গড়ানোর সাথে সাথেই সেটা বেড়েছে। এ ধরনের কোর্সে আপনাকে ঘাসের মাঝামাঝি বল ফেলতে হবে। আপনি কখনোই সরাসরি হোলের উদ্দেশ্যে শট খেলতে পারবেন না। কারণ, আপনাকে ধরেই নিতে হবে হোল থেকে বলটা ১৫-২০ গজ সরে যাচ্ছে। এই বিষয়গুলো মেনেই এখানে আপনাকে খেলতে হবে। নয়তো ভাল কিছু করা সম্ভব নয়।’
নিজে যদিও বলছেন, সরাসরি হোলের উদ্দেশ্যে শট করাটা অর্থহীন তবে অষ্টাদশ হোলে আরেকটু হলেই প্রায় অবিশ্বাস্য এক ঈগল করে ফেলেছিলেন সিদ্দিকুর। তবে হোলের একেবারে কাছে গিয়ে আটকে যায় বল। এটাকেই দিনের সেরা শট বলে রায় দিলেন সিদ্দিকুর নিজেই, ‘অষ্টাদশ হোলের এটাই দিনের সেরা শট। হোলের প্রায় ২০৫ গজ দূর থেকে শট নিলেও সেটা প্রায় ঈগল হয়েই যাচ্ছিল। হোলের মাত্র ইঞ্চি ছয়েক দূরে বলটা থেমে গেলেও শটটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে।’