দোলেশ্বর-শেখ জামাল মুখোমুখি আজ
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৬
মৌসুমের দুইটি বড় দল মুখোমুখি হতে যাচ্ছে আজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দিনের অপর দুইটি ম্যাচে খেলবে গাজী ট্যাংক ক্রিকেটার্স-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব-কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমী।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে থেকে বড় দলের তকমা শেখ জামালের সাথেই ছিল। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে দলটিতে আছে এক ঝাঁক তারকা। যদিও আব্দুর রাজ্জাক, জুনায়েদ সিদ্দিকী, ইলিয়াস সানি, জহিরুল ইসলাম অমিদের মতো স্থানীয় তারকাদের সাথে লংকান দিলশান মুনাবীরা ও জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরাকে নিয়েও সুপার সিক্সে জায়গা পাওয়ার জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। শেষমেষ নিয়মের মারপ্যাঁচে, ব্রাদার্সের বিপক্ষে পুনরায় আয়োজিত ম্যাচে বিশাল এক জয়ে ভাগ্য খুলে তাদের। সুপার সিক্সে প্রথম ম্যাচের জয়ও তাদের জন্য স্বাচ্ছন্দ্যে আসেনি। ১৬৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শেখ জামাল হারিয়ে বসে ছয়টি উইকেট। ১১ ম্যাচে দলটির পয়েন্ট ১৪।
অপরদিকে, প্রাইম দোলেশ্বর আনকোরা দল নিয়ে এই মৌসুমে সবচেয়ে বড় চমকের জন্ম দিয়েছে। প্রথম রাউন্ডে এই শেখ জামালসহ হারিয়েছে বড় প্রায় সব দলকেই। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটিও তাদেরই দখলে। আর ফরহাদ রেজা, সোহাগ গাজী, মমিনুল হক, সাব্বির রুম্মান, রনি তালুকদারদের মতো কার্যকরী খেলোয়াড়দের নিয়ে এখন শিরোপারও অন্যতম প্রধান দাবিদার প্রাইম দোলেশ্বর।
শিরোপার লড়াইয়ে এই মুহূর্তে প্রাইম দোলেশ্বরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গাজী ট্যাংক ক্রিকেটার্স। রান রেটে দোলেশ্বরের থেকে পিছিয়ে থাকলেও ১১ ম্যাচে সমান ১৬ পয়েন্ট পেয়েছে তারা। আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংকের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ খেলায় ক্লাবটির পয়েন্ট ১২। সুপার সিক্সের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক হারে প্রাইম দোলেশ্বরের কাছে।
একই দিনে বিকেএসপির দুই নম্বর মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমী। সুপার সিক্সের প্রথম ম্যাচ হারের পর বিপাকে থাকা মোহামেডানের জন্য আজকের ম্যাচটি এক অর্থে জীবন-মরণ লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় এখন তারা চতুর্থ স্থান ধরে রেখেছে। প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমীর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ১১ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শেষ অবস্থানে আছে তারা।
আজকের খেলা
গাজী ট্যাংক ক্রিকেটার্স-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি-২)। মোহামেডান স্পোর্টিং ক্লাব-কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমী (ফতুল্লা)