নৌবাহিনীর খেলোয়াড়রা ঊষায়

হকির দলবদলের শেষ দিনে গতকাল ঊষা ক্রীড়া চক্র নৌবাহিনীর খেলোয়াড়দের দলে নিয়েছে। এরা হলেন- চয়ন, কৃষ্ণা, তাপষ, রিমন, শুভ এবং বেলাল। শেষ জন ছাড়া অন্য সবাই জাতীয় দলে খেলেছেন। চয়ন, কৃষ্ণা, রিমন, তাপষরা ক্লাব হকি ছেড়ে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে এবার তারা ঘরোয়া হকি লিগে খেলবে। সাথে নিয়েছে অস্ট্রেলিয়ায় খেলে আসা মাকসুদুল আলম হাবুলকে। জানা গেছে সম্প্রতি হকি ফেডারেশন সার্ভিসেস দলের খেলোয়াড়দের ঘরোয়া হকি লিগে খেলার সুযোগ করে দিয়েছে। ঊষা বিকেএসপির সাত জন খেলোয়াড়কেও নিয়েছে। মোহামেডানের শেখ মো. নান্নু এবং অসীম গোপ আবাহনীতে যোগ দিয়েছেন। এছাড়াও সাধারণ বীমার সাত জন, সোনালী ব্যাংকের ১১ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে গতকাল। ওয়ান্ডারার্স, ঊষা, আবাহনী, অ্যাজাক্স, সাধারণ বীমা, সোনালী ব্যাংক দলবদল করেছে বলে ফেডারেশন জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ জন খেলোয়াড় দলবদল করেছে বলে হকি ফেডারেশন জানিয়েছে।