কেনেডি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তি আজ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি (জন এফ কেনেডি) হত্যাকান্ডের ৫০ বছর পূর্তি আজ ২২ নভেম্বর। কেনেডি ছিলেন দেশটির ৩৫ তম প্রেসিডেন্ট। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ১৯৬৩ সালের ২২ নভেম্বরে এক রাজনৈতিক সফরে যান কেনেডি। তিনি যখন মোটরগাড়িতে করে যাচ্ছিলেন, তখন এক আঁততায়ী গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে কেনেডি আধা ঘণ্টা পরে হাসপাতালে মারা যান। ১৯৬১ সাল থেকে নিহত হবার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯১৭ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন। ধারণা করা হয়, টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি নামের এক বহুতল গুদামখানা থেকে প্রেসিডেন্টের ওপর গুলি ছোড়া হয়। ঘটনার দিনই ওই গুদামখানার কর্মচারী লি হার্ভে অসওয়াল্ডকে সন্দেহভাজন আঁততায়ী হিসেবে আটক করা হয়। অসওয়াল্ড হত্যার দায় স্বীকার করেননি। দুই দিন বাদে অর্থাত্ ২৪ নভেম্বরে জ্যাক রুবি নামের এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন। এর পর থেকেই কেনেডিকে হত্যায় অসওয়াল্ডের জড়িত থাকার বিষয়টি নিয়ে চলছে তর্ক-বিতর্ক। যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নেতৃত্বে গঠিত একটি সরকারি কমিশন দাবি করেছিল, অসওয়াল্ড একা কেনেডির ওপরে গুলি চালিয়েছিলেন। কিন্তু ইতিহাসবিদেরা এখনো এ ব্যাপারে সন্দিহান। তখন থেকেই এই হত্যাকান্ডের ব্যাপারে বিভিন্ন উত্স থেকে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। ১৯৬০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তত্কালীন ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রাথী রিচার্ড নিক্সনকে পরাজিত করেন। তিনি থিওডর রুজভেল্টের পর আমেরিকার দ্বিতীয় কনিষ্টতম প্রেসিডেন্ট, বিংশ শতাব্দীতে জন্ম নেয়া প্রথম প্রেসিডেন্ট এবং সর্বকনিষ্ট নির্বাচিত প্রেসিডেন্ট। তার হত্যাকান্ডের ৫০ তম বার্ষিকী উপলক্স্যে যুক্তরাষ্ট্রজুড়ে আজ অসংখ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওবামা-ক্লিনটনের শ্রদ্ধা : কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আর্লিংটনের জাতীয় সমাধিতে তারা একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেনেডির পরিবারের সদস্যরা ছাড়াও, সাবেক মার্কিন ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় মার্কিন সেনাবাহিনীর ঐতিহ্যবাহী করুণ সুর বাজানো হয়। এর আগে ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত করেন বিল ক্লিনটনকে। ক্লিনটন ছাড়াও অপরাহ উইনফ্রে, প্রয়াত নভোচারী শেলি রাইড এবং নারীবাদী গ্লোরিয়া স্টেইনিম এই পদক পান। এই পদকের আধুনিক রূপটি কেনেডির হাত দিয়েই বাস্তবায়িত হয় কিন্তু প্রথম পদক দেয়ার অনুষ্ঠানের আগেই তিনি নিহত হন।