ফোর্বসের চলতি সংখ্যার প্রচ্ছদে ড. ইউনূস

ফোর্বস ম্যাগাজিনের চলতি সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। পত্রিকাটির বিশেষ দ্বিতীয় বার্ষিকী ‘ফিলানট্রফি’ সংখ্যায় ড. ইউনূসের সাথে আরো আছেন—আইরিশ সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী বোনো, বিশ্বের শীর্ষ স্থানীয় ধনী বিল গেটস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলান জনসন সারফেল, নিউইয়র্ক ভিত্তিক দাতব্য সংস্থা রবিন হুডের প্রতিষ্ঠাতা পল টুডোর জোনস, ইন্টারনেটভিত্তিক কেনাবেচার বহুজাতিক প্রতিষ্ঠান ই-বে’র প্রতিষ্ঠাতা জেফ স্কোল এবং লিজেল প্রিজেকার সিমনস। ইউনূস সেন্টারের গত বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মহত্ মানুষের কর্মযজ্ঞ ফোর্বসের এ সংখ্যার প্রতিপাদ্য। তাদের কাজ সমাজ পরিবর্তনে কতটা প্রভাব রাখে সে বিষয়ে এ সংখ্যায় আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, নিউইয়র্কে গত জুনে ‘ফোর্বস ৪০০’ শীর্ষক সম্মেলনে ম্যাগাজিনটি সারা পৃথিবী থেকে ১৫০ জন বিলয়নিয়ার এবং নেতৃস্থানীয় সামাজিক উদ্যোক্তাদের একত্র করেছিল। সেই অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের বিলয়নিয়ার ওয়ারেন বাফেটকে সম্মানিত করা হয়।