শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৬
৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৫২৯ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন-পিএসসি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ৯৯১ জনের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত এই প্রার্থীরা সরকারের বিভিন্ন ক্যাডারে যোগ দিবেন। প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হলো।
গতকাল বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। উত্তীর্ণ যেসব প্রার্থীকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদেরকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রচেষ্টা গ্রহণ করা হবে। তবে নিয়োগের কোন নিশ্চয়তা দেয়া হচ্ছে না। এ ব্যাপারে পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত বছরের ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন। গত বছরের ২৮ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন পরে লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা গত মে ও জুন মাসে অনুষ্ঠিত হয়।
৩৩তম বিসিএসের শীর্ষ পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শীর্ষ দশ জনের মধ্যে পাঁচ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাঁচ জনকেই পররাষ্ট্র ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন।
বাকি পাঁচ উত্তীর্ণ প্রার্থীর মধ্যে দুই জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক জন করে শিক্ষার্থী রয়েছেন।
সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্যে মেধা ও প্রার্থীর চাকরির পছন্দক্রম অনুযায়ী এ শীর্ষ দশ প্রার্থীর তালিকা করেছে পিএসসি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেধাক্রম অনুযায়ী সুপারিশপ্রাপ্ত শীর্ষ প্রার্থীরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রাক্তন ছাত্র রিদওয়ান ইসলাম (পররাষ্ট্র), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মোরশেদুর রহমান (পররাষ্ট্র), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইসরাত জাহান (পররাষ্ট্র), বুয়েটের পুরকৌশল বিভাগের তানভীর হোসেন (পুলিশ), রুয়েটের তড়িেকৗশল বিভাগের অভিজিত্ বসাক (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. রেজাউল ইসলাম (পররাষ্ট্র), ফলিত পরিসংখ্যান বিভাগের মো. শোয়েব আব্দুল্লাহ (পররাষ্ট্র), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের আব্দুল করিম (পুলিশ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. আরাফাত রহমান (পররাষ্ট্র), কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের নিয়াজ মোর্শেদ (পররাষ্ট্র)।