উত্পাদনে ফিরেছে গাজীপুর-আশুলিয়া শিল্পাঞ্চল

টানা কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের পর গতকাল বৃহস্পতিবার গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল ছিল পুরোপুরি শান্ত। গার্মেন্ট শ্রমিকরা স্ব-স্ব কারখানায় কাজে যোগ দিয়ে উত্পাদন শুরু করেছেন পুরোদমে। তবে গ্রেফতার আতংকে বহু শ্রমিক এখনও এলাকাছাড়া। তাদের মধ্যে আতংক কাটেনি। দুই শিল্পাঞ্চলেই র্যাব-পুলিশের ব্যাপক টহল লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন ধরে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে ও পরবর্তীতে গাজীপুরে পুলিশের গুলিতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক বিক্ষোভে আশুলিয়া উত্তাল হয়ে ওঠে। শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাংচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভে গোটা শিল্পাঞ্চল পরিণত হয় রণক্ষেত্রে। কিন্তু গতকাল সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দেয়ায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে সাউদার্ন লি., রেডিয়েন্স, স্ট্যান্ডার্ড গ্রুপ ও মাসকট গ্রুপের ৪টি কারখানা এখনও বন্ধ রয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল জেলার কোনাবাড়ি ও কাশিমপুর এলাকা ঘুরে দেখা গেছে, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলোর মধ্যে কিছু কিছু খোলা হয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। তবে ভাংচুর ও হামলার কারণে বন্ধ হওয়া কাশিমপুরের সারদাগঞ্জের জিএমএস, আলিম নিটওয়ারসহ বেশকিছু কারখানা এখনো চালু হয়নি। শনিবার থেকে এসব কারখানা খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়।