দিদার বাহিনীর সন্ত্রাসে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৬
জেলার সদর উপজেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ দিদার বাহিনীর সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে। এ এলাকার বহু পরিবার তাদের হুমকির কারণে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সদর উপজেলার হাজিরপাড়ার দক্ষিণাঞ্চলের মিয়ার বাজার, চর শাহী, সৈয়দপুর, নোয়াহাট, ভুঁইয়ার হাট, কালার হাট, বসুর হাটসহ বেগমগঞ্জ উপজেলার চয়ানী বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় সন্ত্রাসী দিদার ও মেরাজ বাহিনীর আধিপত্য দিন দিন বেড়ে চলছে।
ভুক্তভোগী স্থানীয়দের সূত্রে জানা যায়, দিদার বাহিনীর সদস্যদের মধ্যে জাকির, মেরাজ ও জুয়েলের নেতৃত্বে পুরো এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে সন্ত্রাসসহ নানা অপকর্ম হচ্ছে। সম্প্রতি এ বাহিনীর সদস্যরা সৈয়দপুর গ্রামের কাজী বাড়ীর মৃত হেলাল উদ্দিনের ২ ছেলের পরিবারের সদস্যদের কাছে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাদের খুনের হুমকি দেয়। এরপর পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে গেলে বাড়িতে হামলা ও লুটপাট করে নারী সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় পাশের বাড়ির আলেয়া বেগমের পরিবারের সদস্যদের ওপর হামলা করে লুটপাট চালিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এমন অনেক পরিবার সদস্যরা প্রাণ ভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এদিকে সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্যরা মিয়ার বাজার প্রাথমিক বিদ্যালয়ে তাদের আস্তানায় প্রকাশ্যে অস্ত্রের প্রশিক্ষণ ও মহড়া দেয় বলে এলাকাবাসী জানায়। মাঝে মাঝে পুলিশ হানা দিলে সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে বেগমগঞ্জ উপজেলার চয়ানী বাজারের নিকটে ইটখোলা এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তাদের হাত থেকে বাঁচতে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। দিদার বাহিনীর সদস্যদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।