চট্টগ্রাম বিমানবন্দরে ফের স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের বার উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রী মশিউর রহমানকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৪৫ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। প্রসঙ্গত, গত তিন মাসে শাহ আমানত বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা স্বর্ণের চালান আটকের এটি সপ্তম ঘটনা। আগের দিন বুধবারও জামাল উদ্দিন নামে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের চালান উদ্ধার করা হয়। গত ১৮ নভেম্বর বিমানবন্দর শুল্ক কর্মকর্তারা ১২৮টি স্বর্ণের বার আটক করেন। গত ২ নভেম্বর আটক করা হয় ৪১টি স্বর্ণের বার। ১ অক্টোবর দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। গত ১ সেপ্টেম্বর এক যাত্রীর কাছ থেকে ৪১০ গ্রাম ওজনের স্বর্ণের চেইন ও চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গত জুলাই মাসে এক যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ওজনের ১৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এদিকে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মকসুদকে বরিশাল বিমানবন্দরে বদলি করা হয়েছে। তার ব্যাপারে বিভাগীয় তদন্ত চলছে বলে জানা গেছে।