জাবিতে অসন্তোষ চলছেই দুই প্রো-ভিসি অবরুদ্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২৩:২০
সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বাতিল ও ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসিকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত ‘শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেরও ডাক দিয়েছেন তারা।
গত বুধবার শিক্ষক ক্যাটাগরিতে সিনেট সদস্য নির্বাচন প্রত্যাহারের দাবিতে ভিসির সঙ্গে দেখা করতে যান আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু ভিসি তিন দিনের মেডিক্যাল ছুটিতে থাকায় তারা দায়িত্বে থাকা প্রো-ভিসি এমএ মতিনকে নির্বাচন প্রত্যাহারের দাবি জানায়। প্রো-ভিসি এমএ মতিন এ ব্যাপারে কোন মন্তব্য না করায় শিক্ষকরা দুই প্রো-ভিসিকে তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দেন তারা। গতকাল বৃহস্পতিবারও দুই প্রো-ভিসি অফিসে অবরুদ্ধ ছিলেন।
এদিকে জাকসু নির্বাচনে অছাত্র এমফিল ও পিএইচডি গবেষকদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘অনিয়মের বিরুদ্ধে আমরা’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।
জাবিতে জাসদ ছাত্রলীগের নতুন কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাসদ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র শামসুল আলম আবির ও সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের কামরুল ইসলাম কানন নির্বাচিত হয়েছেন। বুধবার জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।