বিএনপির ৫ নেতার জামিন আবেদনের অধিকতর শুনানি ২৮ নভেম্বর

বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ দলের ৫ নেতার জামিন আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে ওই আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। বিএনপি নেতাদের আবেদনের ওপর আংশিক শুনানি গ্রহণ করে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। আদালতের আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা ২৪ নভেম্বর এই পাঁচ আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করবেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ২৮ নভেম্বর আবারো জামিন আবেদনের শুনানি হবে। এদিকে জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান খান শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করা হয়নি। সকালে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, গত ১৭ নভেম্বর হাইকোর্ট আসামিদের ৮ দিনের রিমান্ড স্থগিত করে এবং প্রয়োজনে তদন্ত কর্মকর্তা জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদেশ দেয়। তদন্ত কর্মকর্তা এখনো তাদের জিজ্ঞাসাবাদ করেনি। খুব শিগগিরই জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত জামিন আবেদনের শুনানি মুলতবি রাখা হোক। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ। শুনানিতে তারা বলেন, এ মুহূর্তে জামিন আবেদনের শুনানি গ্রহণ করতে কোন বাধা নেই। গত ১৭ নভেম্বর হাইকোর্ট বিএনপি নেতাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। তদন্ত কর্মকর্তার প্রয়োজন থাকলে এতোদিন তিনি জিজ্ঞাসাবাদ করতেন। এছাড়া আদালত জামিন মঞ্জুর করার পরও যদি তদন্ত কর্মকর্তা মনে করেন সেসময় আসামিরা তদন্ত কর্মকর্তার কাছে হাজির হবেন। উভয়পক্ষের শুনানি গ্রহণ করে আদালত ২৮ নভেম্বর অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।