শতাব্দী রায়ের প্রতি ‘নির্মম’ হলেন মমতা ব্যানার্জি!

শীর্ষ নেতৃত্বের চক্ষুশূল হলে আজ হোক বা কাল হোক, তার চরম মূল্য দিতে হয়। তার প্রমাণ পেলেন কলকাতার সাবেক তারকা অভিনেত্রী শতাব্দি রায়। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত এমপি। বেশ কয়েকবার তিনি এবং আরেক অভিনেতা তাপস পাল তৃণমূল শীর্ষনেত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেছিলেন। যদিও পরে ক্ষমা চেয়েছিলেন, তবু রাগ পুষে রাখেন মমতা। একারণে শতাব্দির প্রতি হঠাত্ ‘নির্মম’ হয়ে উঠেছেন মমতা ব্যানার্জি। শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সম্মানজনক চেয়ারপার্সন পদ থেকে তিনি সরিয়ে দিয়েছেন শতাব্দিকে। বীরভূম থেকে নির্বাচিত এমপি শতাব্দিকে সরিয়ে তার চেয়ারে বসানো হচ্ছে মত্সমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। রীতি অনুসারে স্থানীয় এমপিরাই এই পদে থেকেছেন। কিন্তু এবার রীতি ভেঙ্গে শতাব্দিকে সরিয়ে দেয়ায় অনেকে ধারণা করছেন, দল থেকে বিদায় আসন্ন এক সময়কার এই জনপ্রিয় অভিনেত্রীর। শতাব্দি দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় সরে গেছেন। কিন্তু লজ্জা ঢাকতে আর কি বা বলতে পারতেন তিনি। -জি নিউজ।