পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন ডা. দীপু মনি

পাঁচ বছর দায়িত্ব পালনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় হতে গতকাল বৃহস্পতিবার বিদায় নিলেন ডা. দীপু মনি। সমসাময়িক সময়ে সবচেয়ে আলোচিত ও প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বিদায় বেলায় প্রতিক্রিয়ায় বললেন, পাঁচ বছরে অনেক ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু জেনে শুনে কোন অন্যায় করিনি। পাঁচ বছরে দেশের মর্যাদা বেড়েছে, ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। অনেক কাজ করেছি। তার ফলও পেয়েছি। অসমাপ্ত কাজগুলোর ব্যাপারে অতৃপ্তিও রয়েছে। গতকাল বিকাল পৌনে পাঁচটায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন ডা. দীপু মনি। দুপুরে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা প্রায় তিন ঘন্টার এক দীর্ঘ অনুষ্ঠানে বিদায় দেন দীপু মনিকে। বিকালে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, এ জীবনে যত দায়িত্ব এসেছে সবই কাজের প্রতিদান হিসাবে পেয়েছি। দলীয়, সাংগঠনিক ও সরকারি দায়িত্ব সবই নিষ্ঠা, শ্রম ও সততার সঙ্গে পালন করেছি। পাঁচ বছর পররাষ্ট্র মন্ত্রী হিসাবে কাজ করা ছিল এক বিরল অভিজ্ঞতা। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল চুক্তি বাস্তবায়ন আজ হোক, কাল হোক হবেই। পাঁচ বছর ধরে আমাদের শ্রমের ফল হিসাবে এদুটি বিষয় অনেক দূর এগিয়েছে। বিদায়ী পররাষ্ট্র মন্ত্রী আরো বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি, বিস ও ফরেন সার্ভিস একাডেমীর সক্ষমতা বাড়ানোর কাজ সম্পূর্ণ করে যেতে পারিনি। এই অতৃপ্তি রয়ে যাবে। বিদেশে কর্মরত মিশন প্রধানদের নিয়মিত সম্মেলন আয়োজন করা যায়নি। ভবিষ্যতে নতুন ব্যবস্থায় হতে পারে। সবশেষে দীপু মনি বললেন, মন্ত্রীত্ব থেকে ছুটি পাওয়ায় এখন নির্বাচনী এলাকায় নিশ্চিন্তে বেশি সময় দেয়া যাবে। নতুন পররাষ্ট্র মন্ত্রী আজ দায়িত্ব নেবেন নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী আজ শুক্রবার সকাল দশটায় দায়িত্ব গ্রহণ করবেন।