এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথমপত্র মোহাম্মদ আক্তার-উজ-জামান প্রভাষক, উদ্ভিদবিদ্যা রূপনগর মডেল স্কুল ও কলেজ মিরপুর, ঢাকা। অধ্যায়-১ : উদ্ভিদের বিভিন্নতা পরিচ্ছেদ-১: উদ্ভিজগতের শ্রেণিবিন্যাস প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথমপত্রের ১ নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাস’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী অর্পা লক্ষ্য করল Pericillium notatum বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণিবিন্যাসে প্রথম উদ্ভিদ উপজগতের বিভাগ-১-এ স্থান লাভ করলেও Margulis-এর শ্রেণিবিন্যাসে এটি ভিন্ন জগতে স্থান পেয়েছে। প্রশ্ন: ক. জীববৈচিত্র্য কাকে বলে? খ. প্রজাতি বলতে কী বুঝায়? গ. বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণিবিন্যাসে অর্পার পর্যবেক্ষণকৃত প্রজাতিটির অবস্থান ব্যাখ্যা কর। ঘ. Margulis-এর শ্রেণিবিন্যাসে প্রজাতিটি ভিন্ন অবস্থানে থাকার যৌক্তিকতা বিশ্লেষণ কর। উত্তর: ক) জীবের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্র্যকে একসাথে জীববৈচিত্র্য বলা হয়। উত্তর: খ) প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের মৌলিক একক। সাধারণভাবে প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে বোঝায়, যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উত্পাদনে সক্ষম। যেমন: আমাদের দেশে চাষকৃত সকল প্রকার ধানই একই প্রজাতির। সব ধরনের কাঁঠাল একই প্রজাতির অন্তর্ভুক্ত। উত্তর: গ) বিচিত্র ধরনের উদ্ভিদরাজিকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সব উদ্ভিদকে কিংডম, বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল-উপদলে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণিবিন্যাসে উদ্ভিদের সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়েছে। বেনথাম ও হুকার যে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস করেছেন সেখানে অর্পার পর্যবেক্ষণকৃত Penicillium notatum, Cryptogamia উপজগতের Thallophyta বিভাগে অবস্থিত। বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদজগেক দুটি উপজগত্ Cryptogamia (অপুষ্পক উদ্ভিদ) ও Phancrogamia (সপুষ্পক উদ্ভিদ)-এ বিভক্ত করেছেন। Cryptogamiaকে আবার তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে। বিভাগ-১: Thallophyta বিভাগ-২: Bryophyta বিভাগ-৩: Pteridophyta এর মধ্যে বিভাগ-১: Thallophyta-এর বৈশিষ্ট্য হলো: i. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। ii. ভ্রূণ সৃষ্টি হয় না। iii. পরিবহনতন্ত্র নাই। iv. জননাঙ্গ সাধারণত এককোষী। বিভাগ-১, Thallophyta-কে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: শ্রেণি-১: Algae শ্রেণি-২:Fungi শ্রেণি-২:Fungi-এর বৈশিষ্ট্য হলো- i. কোষে ক্লোরোফিল অনুপস্থিত। ii. এরা মৃতজীবী বা পরজীবীরূপে বাস করে। iii. কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। iv. সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। v) হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। এ সমস্ত বৈশিষ্ট্যের সাথে Penicillium notatum-এর বৈশিষ্ট্য মিলে যায়। সুতরাং অর্পার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণিবিন্যাসে পর্যায়ক্রমিক উপরে বর্ণিত অবস্থানে রয়েছে। উত্তর: ঘ. Margulis সমগ্র জীবজগেক দুটি সুপার কিংডমের আওতায় পাঁচটি কিংডমে ভাগ করেন। কিংডম পাঁচটি হলো: মনেরা (Monera), প্রোটকটিস্টা (Protoctista), ফানজাই (Fungi), প্লান্টি (Plantae) ও অ্যানিমালিয়া (Animalia)। অর্পার পর্যবেক্ষণকৃত Penicillium notatum, Margulis-এর আধুনিক শ্রেণিবিন্যাসে ফানজাই জগতের অন্তর্ভুক্ত। কারণ ফানজাই জগতের বৈশিষ্ট্য হলো: i. এরা মৃতজীবী বা পরজীবীরূপে বাস করে। ii. মাইসেলিয়্যাল বা পরবর্তী পরিবর্তনে এককোষী। iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। iv. খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ। v. দেহ সাধারণত শাখান্বিত, ফিলামেন্ট সিনোসাইটিক, যাতে ছিদ্রযুক্ত প্রস্থপ্রাচীর সৃষ্টি হতে পারে। vi. হ্যালয়েড স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। vii. জাইগোটে মায়োসিস হয়। viii. এরা সুকেন্দ্রিক। ix. এদের কোন সালোকসংশ্লেষণকারী বর্ণকণিকা নেই। x. এদের পরিবহনতন্ত্র নেই। xi. জননাঙ্গ এককোষী। xii. নিষেকের পর জাইগোটে মায়োসিস হয়। xiii. স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। Penicillum notatum নামক ছত্রাকের বৈশিষ্ট্য উপরোক্ত বৈশিষ্ট্যের সাথে মিলে যাওয়ায় এটি ফানজাই জগতের অন্তর্ভুক্ত একটি প্রজাতি। বেনথাম ও হুকার প্রদত্ত শ্রেণিবিন্যাস উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বিশেষ করে উদ্ভিদের পুষ্পচরিত্র, অন্তর্গঠন, ভ্রূণচরিত্র ইত্যাদির উপর প্রতিষ্ঠিত। এখানে উদ্ভিদজগতের দুটি উপজগত্ Cryptogamia ও Phancrogamia-এর মধ্যে Cryptogamia-এর বিভাগ-১, Thallophyta-এর আওতায় শ্রেণি-২-এ Penicillium notatum-কে রাখা হয়েছে। অন্যদিকে আধুনিক শ্রেণিবিন্যাসের পাঁচ জগত্ ধারণা কোষ, কোষ অঙ্গানুর গঠন এবং জীববিজ্ঞানের অন্যান্য আধুনিক তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এজন্য এখানে Penicillium notatum-কে সুপার কিংডম ইউক্যারিওটার আওতায় ফানজাই জগতে রাখা হয়েছে। সংগত কারণেই প্রাকৃতিক ও আধুনিক শ্রেণিবিন্যাস দুটি ভিন্ন ধারণার উপর প্রতিষ্ঠিত হওয়ায় Penicillium notatum বেনথাম ও হুকারের শ্রেণিবিন্যাসে একরকম অবস্থানে থাকলেও Margulis-এর শ্রেণিবিন্যাসে তা একই জীব সত্ত্বেও ভিন্ন অবস্থানে রয়েছে।