একই জমিতে চার ফসল উত্পাদনের উদ্যোগ

বাংলাদেশে ক্রমেই কমছে কৃষি জমির পরিমাণ। পক্ষান্তরে বাড়ছে মানুষের সংখ্যা। দেশে খাদ্য উত্পাদন বাড়াতে আগে যেখানে একটি জমিতে দুটি ফসল উত্পাদন হতো কৃষিবিদরা এখন সেই জমিতে বছরে চারটি ফসল উত্পাদন করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে এর সফলতাও পাওয়া গেছে। স্বল্পমেয়াদী আমন ধান সঠিক সময়ে চাষ করে পরে আলু, সরিষা, মুগডাল ও আউশ (পারিজা) ধান চাষে কৃষককে উত্সাহিত করা হচ্ছে। এছাড়াও একই জমিতে বছরে চারটি ফসল করায় এক দিকে যেমন অর্থনৈতিক লাভবান হয়েছে অন্য দিকে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে এবং জমিতে ফসল পর্যায় অবলম্বন হয়েছে। স্বল্পমেয়াদী বিইউ-১ জাতের আমন ধান কর্তন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার পঞ্চগড় জেলা সদরের মাগুড়া ইউনিয়নে সরকারপাড়া গ্রামে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও আরডিআরএস বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। বক্তব্য রাখেন আরডিআরএস এর সিনিয়র কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা মাফুজুর রহমান, সহকারী গবেষক আব্দুল খালেক ও কৃষক মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস-এর ভারপ্রাপ্ত কর্মসূচি সমন্বয়কারী সাফকাতুল আলম পঞ্চগড় অফিস। এ অনুষ্ঠানে তিন শতাধিক কৃষক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা জানায়, এ ধরনের প্রকল্পের মাধ্যমে পানি, সার সাশ্রয়সহ অর্থনৈতিক লাভবান হওয়া সম্ভব এবং বাড়তি ফসল উত্পাদনের মাধ্যমে খাদ্য সমস্যা দূরকরণে সহায়ক ভূমিকা রাখতে পারে। আরডিআরএস বাংলাদেশ রংপুর বিভাগের ৮টি জেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।