হরতাল করে দেশের গরীব মানুষের মুক্তি আসবে না
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৪৫
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের চলমান রাজনীতি পরিস্থিতিতে হরতাল করে আমার দেশের গরীব মানুষের কোনো মুক্তি আসবে না।
বৃহস্পতিবার বিকালে শহরের অম্বিকা ময়দানে বাংলাদেশ কৃষক সমিতির দুই দিনব্যাপী দ্বাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জমি বর্গা দেয়া যায়, কিন্তু স্বার্থ কোন দিন বর্গা দেয়া যায় না। তাই কৃষকের স্বার্থ রক্ষার জন্য তারা যদি নিজেরা সমিতি গড়ে না তোলে তাহলে অধিকার আপনা আপনি কেউ হাতে তুলে দেবে না। যেদিন কৃষক রুটি-রুজি আদায়ের সংগ্রামে নামবে তখনই অধিকার ফিরে পাবে। এ জন্য কৃষককে ঐক্যবদ্ধ, সচেতন ও সংগঠিত করতে হবে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষক নেতা আব্দুল মালেক। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী।
এছাড়া বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভার নেতা অজিত মুখার্জি ও নুরুল হুদা, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আজহারুল ইসলাম আরজু প্রমুখ।