মেহেরপুরের যুবক ভারতে খুন

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শৈলমারী গ্রামের শফিকুল ইসলাম (২৮) ভারতের মুরুটিয়া থানা এলাকার কাকজীপাড়ায় নিহত হয়েছেন। ঘটনার ৩ দিন পর গতকাল শুক্রবার বেলা আড়াইটায় নিহত শফিকুলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত নয়টার দিকে ভারতীয় দুর্বৃত্তরা তার গলায় ফাঁস দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। লাশ মেহেরপুর সদর থানায় নেয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাথুলী কোম্পানি কমান্ডার ফজলুল হক ও নিহতের পারিবারিকসূত্রে জানা যায়, একটি ডাকাতি মামলায় পড়ে ৭/৮ মাস আগে ভারতে পাড়ি জমান শৈলমারী গ্রামের বাবু মিয়ার ছেলে শফিকুল ইসলাম। সেখানে স্থানীয় কিছু চরমপন্থির সাথে বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন বলে বিএসএফ সদস্যরা বিজিবিকে জানায়। মেহেরপুর সদর থানার এস আই দুলু মিয়া জানান, শফিকুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি, অস্ত্র-বিস্ফোরক ও অপহরণের চারটি মামলা রয়েছে। বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী আহত মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজিজুল ইসলাম (২৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল ভোরের দিকে জয়পুর বর্ডারপাড়ার সীমান্তের ৯৬ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আজিজুল জয়পুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। বর্তমানে তাকে মেহেরপুর তাহের ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।