বেহাল দশায় এনায়েতপুর হাটের পাকা রাস্তা
মারুফা মির্জা. চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫০
সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ দেশের বৃহত্ কাপড়ের এনায়েতপুর হাট হয়ে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা চলছে। রাস্তার ইট, পিচ, পাথর, খোয়া এমনকি পুরো মাটি সরে গিয়ে খালে পরিণত হয়েছে। যে কারণে হাটে এবং হাসপাতালে যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। আর এ অবস্থা দীর্ঘ প্রায় ২ বছর ধরে। তারপরও গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনঃসংস্কারে কোন উদ্যোগ নেই।
এনায়েতপুর হাটের তরকারি পট্টির পূর্ব পাশের এলাকা ছিল যমুনা নদীর খাল। এখানে প্রায় ৬ মাস থাকতো পানিতে পরিপূর্ণ। তাই এ স্থান দিয়ে যাতায়াতে মানুষ পোহাতো চরম দুর্ভোগ। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ২০০৩ সালের এনায়েতপুর হাটের কাঠপট্টি থেকে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ করে চৌহালী উপজেলা প্রকৌশল অফিস। এজন্য এলাকার মানুষের যাত্রাপথে নব দিগন্তের সূচনা হয়। তবে এই সুবিধার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি। ২০১১ সালের দিকে তা ৪০০ মিটার লম্বা এবং ৮ ফুট এলাকা নিয়ে ভেঙ্গে গেছে। এ স্থানটিতে থাকা ইট, পাথর, খোয়া, পিচও নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই রাস্তা এখন একেবারেই চলাচলের অনুপযোগী।
এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবু তালেব ব্যাপারী এবং হাট ইজারাদার আলহাজ্ব আব্দুল কদ্দুস সরকার জানান, আমাদের এ হাটে সারা দেশের ক্রেতা-বিক্রেতারা আসে। রাস্তা সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সকলের দুর্ভোগ পোহাতে হয়।
চৌহালী উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ জানিয়েছে, আমরা সমস্যাটি সমাধানের জন্য ১৫ লাখ টাকার বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। অনুমতি আর বরাদ্দের অর্থ ছাড় পেলেই দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।