সখীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫

গতকাল বৃহস্পতিবার উপজেলার কালিয়া ও কাকড়াজান ইউনিয়নের ৫টি গ্রামে অন্তত ৩৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাগলা কুকুরের কামড়ের খবরে ওইসব গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা চরম উত্কণ্ঠার মধ্যে পড়েন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কচুয়া বাজারে ২ স্কুল শিক্ষার্থীকে পাগলা কুকুর কামড় দেয়। এ ঘটনায় লোকজন ওই পাগলা কুকুরকে মারার জন্য ধাওয়া করলে পার্শ্ববর্তী দেওয়ান আক্কাস আলীর দুই গরুকে কামড়িয়ে দ্রুত চলে যেতে যেতে কচুয়া গ্রামের ৯জন, সাড়াসিয়া গ্রামের ৬জন, বাসারচালা গ্রামের ৮জন, রামখাঁ গ্রামের ৫জন ও মহানন্দপুর গ্রামের ৭জনকে কামড়ানোর খবর পাওয়া যায়। এদিকে, কুকুরে কামড়ানোর রোগী নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও দায়িত্বরত চিকিত্সকরা জলাতঙ্ক রোগের কোন ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয় না বলে রোগীর স্বজনদের জানিয়ে দেন। হাসপাতালে চিকিত্সা না পেয়ে স্বজনরা চিন্তিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিন সরকারিভাবে সরবরাহ করা হয়নি।