সৈয়দপুরে শেষ মুহূর্তে আলু চাষিদের মুখে হাসি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫১
শেষ সময়ে আলুর দাম বেশি পেয়ে কিছুটা হলেও লোকসানের হাত থেকে রেহাই পাচ্ছেন সৈয়দপুরের কৃষক। এতে অধিকাংশ চাষীর মুখে হাসি ফুটেছে। হতাশা কাটিয়ে পুরোদমে নতুন আলু লাগানোর কাজ করছেন। গতবছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক জমিতে আলু চাষ করা হয় এবং ফলনও হয় ভাল। অনেক কৃষকই হিমাগারে আলু সংরক্ষণ না করে নিজ বাড়িতেই সংরক্ষণ করেন। তখন থেকেই আলুর দাম ছিল নিম্নমুখী। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আলুর দরপতন হওয়ায় সংরক্ষণকারী আলু চাষী ও ব্যবসায়ীরা লোকসান দিয়ে প্রতিবস্তা আলু ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি করেন। তবে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে আলুর দাম বাড়তে থাকায় চাষী ও ব্যবসায়ীদের মুখে হাসি দেখা দেয়। তবে যারা আগে বিক্রি করেছেন তাদের গুণতে হয়েছে মোটা অংকের লোকসান। বর্তমানে আলু প্রতিবস্তা ১ হাজার ৩শ’ থেকে ১ হাজার ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। এই আলু বেচে কৃষক আমন ধান কাটা-মাড়াই ও নতুন আলু লাগানোর কাজ করছেন।